চেয়ারম্যান কিসমত পাশার উদ্যোগে নাংলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নাংলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
চেয়ারম্যান কিসমত পাশার ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, সাবেক প্যানেল চেয়ারম্যান আশরাফ আলী মেম্বার, সমাজসেবক আবুল কাশেম হিমেল, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনকালে চেয়ারম্যান কিসমত পাশা বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই। শুধু ইউনিয়ন পরিষদ বা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রতিটি পরিবারকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে নজর দিতে হবে।”
তিনি আরও বলেন, “জনগণের সহযোগিতা ছাড়া কোনো উদ্যোগ সফল হয় না। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করে পরিচ্ছন্ন নাংলা ইউনিয়ন গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।”
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, তিন মাসব্যাপী কর্মসূচিতে পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন সড়ক, বাজার, জনসমাগমস্থল, ড্রেন-নালা ও বাড়িঘরের আশপাশ পরিষ্কার করা হবে। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে জনগণকে সচেতন করা হবে।
স্থানীয়রা জানান, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক প্রচারণা ডেঙ্গু প্রতিরোধে মানুষের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে। তারা এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা করেন।
