জনগণের ভোটেই হবে সব নির্বাচন, পুরোনো স্টাইলে আর নয়, জুলাই-আগস্টের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় নিজেদের বদলানোর আহ্বান- এমপি বাবুল

জামালপুর প্রতিনিধি: জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত না হয়ে জুলাই-আগস্টের রক্তক্ষয়ী আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত সম্মান ও সুযোগের মর্যাদা রক্ষা করতে হবে। একই সঙ্গে বাংলাদেশকে বদলে ফেলা এবং নিজেদের পরিবর্তনের দায়িত্বও গ্রহণ করতে হবে। আগামী দিনে জনগণের ভোটেই সব নির্বাচন অনুষ্ঠিত হবে, ২০০৮ থেকে ২০২৪ সালের আগের স্টাইলে আর নির্বাচন হবে না।
শনিবার (১৭ অক্টোবর) জামালপুর জেলা পরিষদ আয়োজিত উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, জুলাই-আগস্টের আত্মত্যাগ আমাদের সবার জন্য নতুন সুযোগ তৈরি করেছে। এই রক্তক্ষয়ী অবদান দেশের মানুষকে ইজ্জত ও সম্মান দিয়েছে। তাই সেই আত্মত্যাগের কথা স্মরণ রেখে দেশ পরিবর্তনের পাশাপাশি নিজেদের পরিবর্তনের দায়িত্বও নিতে হবে।
তিনি বলেন, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের আগপর্যন্ত জনপ্রতিনিধিদের জীবনযাপন, বাড়িঘর, পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও অর্থবিত্ত কেমন ছিল, তা এখন মানুষ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, আমি বাবুল এমপি হবার আগে কেমন ছিলাম, এখন কেমন আছি, সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু ভাই, শামীম তালুকদার, নিলুফার চৌধুরী মনি এবং সিরাজুল হকসহ আমরা সকলেই আগে কেমন ছিলাম আবার এমপি হবার পরে কি অবস্থায় আছি এবং আমাদের বিভিন্ন পর্যায়ের নেতাদের কর্মকাণ্ড ও জীবনযাপনও মানুষের নজরে রয়েছে। জনপ্রতিনিধিদের প্রতিটি আচরণ এখন জনগণ অনুসরণ ও মূল্যায়ন করে।
নির্বাচনব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, সামনে জোরজবরদস্তি করে সংসদ সদস্য হওয়ার সুযোগ নেই। ব্যালট পেপার ছিনতাই কিংবা ভোটকেন্দ্র দখল করে নির্বাচিত হওয়ার দিন শেষ। জুলাই-আগস্টের পর বাংলাদেশ বদলে গেছে, বদলে গেছে দেশের জনগণও। তাই জনগণের পাশে থাকতে হবে এবং মানুষের কাছে যেতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
আগামী দিনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে এমপি বাবুল বলেন, অতীতের নির্বাচনী কৌশল আঁকড়ে ধরে থাকার কোনো সুযোগ নেই। ২০০৮ থেকে ২০২৪ সালের আগপর্যন্ত যে স্টাইলে নির্বাচন হয়েছে, সেই স্টাইলে আর নির্বাচন হবে না। আগামী দিনের সব নির্বাচন জনগণের ভোটের মাধ্যমেই হতে হবে।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হতে হবে। জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে। জুলাই-আগস্টের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষায় দেশ ও জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি নিজেদের আচরণ ও কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
এমপি বাবুলের বক্তব্যে আগামী দিনের নির্বাচনে জনগণের ভোটাধিকার, জবাবদিহি এবং জনসম্পৃক্ত রাজনীতির গুরুত্ব উঠে আসে।
