জামালপুরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে এসআরবি-১৪-এর ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাসুদ রানা
মোঃ রুহুল আমিন রাজু,(মেলান্দহ) জামালপুর প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণে জামালপুর সদর এলাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী দয়াময়ী মন্দির পরিদর্শন করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ মাসুদ রানা।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা উদযাপন সংশ্লিষ্টদের সঙ্গে নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় এসআরবি-১৪ জামালপুর ক্যাম্পের অধিনায়ক মেজর লাবিদ আহমেদ, সহকারী পুলিশ সুপার মোঃ শাওন বাদশা, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব, জামালপুর থানা ও ১ নম্বর পুলিশ ফাঁড়ির আইসি ও সদস্য এবং পূজা উদযাপন সংশ্লিষ্ট কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি মোঃ মাসুদ রানা বলেন, “শারদীয় দুর্গাপূজা সবার জন্য আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। এ উৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যাতে নিরাপদে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।”
এসআরবি জামালপুর ক্যাম্পের অধিনায়ক মেজর লাবিদ আহমেদ বলেন, “পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সদস্যরা সর্বদা সতর্ক রয়েছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।”
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব বলেন, “দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে। পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।”
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতায় জামালপুরে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।
