পলাতক হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন এটা হাস্যকর কথা …বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, ডিসেম্বরে পলাতক শেখ হাসিনা দেশে ফিরবেন এটা এখন হাস্যকর কথা। পৃথিবীর কোথাও এমন নজির নাই যে পলাতক স্বৈরশাসক একবার পালিয়ে গেলে পুন:প্রতিষ্ঠিত হওয়ার।
বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট নিয়ে মন্ত্রী জানান, তৎকালীন সরকারের কোনো দূরদর্শী পরিকল্পনা ছিল না। তারা নতুন গ্যাস কূপ খনন কিংবা ভবিষ্যতের চাহিদা পূরণে কোনো প্রস্তুতি না নেওয়ায় আজ দেশবাসীকে মাশুল দিতে হচ্ছে।
শনিবার জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা ও উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের উদ্যোগে মন্ত্রী ও জেলার সংসদ সদস্যদের সংবর্ধনা জানাতে এ সভার আয়োজন করা হয়।
১২ই ফেব্রুয়ারি নির্বাচন না হলে বাংলাদেশের অস্তিত্ব চরম সংকটে পড়ত এবং দেশের অবস্থা সিকিমের মতো হয়ে যেত বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। খালেদা জিয়ার অতীতের বিভিন্ন বক্তব্যের কথা তুলে ধরে তিনি বলেন, তৎকালীন সময় তিনি যেসব দূরদর্শী কথা বলেছিলেন, তা আজ বাস্তবে প্রমাণিত হয়েছে।
বিমান মন্ত্রী বলেন, বাঙালি জাতি স্বাধীনচেতা। তারা অন্যায় দেখলে প্রতিবাদ করে। সার্বভৌমত্বের জন্য লড়েন। এই দেশের জন্য লড়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই নেতার ছেলে এখন রাষ্ট্র পরিচালনা করছেন। সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের নেতা তারেক রহমান যে প্লান করেছেন সেটা অদ্ভুত। জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর শামীম তালুকদার,জামালপুর-৩(মেলান্দহ-মাদারগঞ্জ)আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।
পরে ২০২৪-২৫ অর্থ বছরের বিভিন্ন উপজেলার ৫৭১ টি প্রকল্পের ১৬ কোটি ৫৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
