উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

কুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী সুরুজ্জামান সুরুজের মোটরসাইকেল শোডাউন, গণসংযোগ ও লিফলেট বিতরণ মানুষের পাশে থাকার অঙ্গীকার


জামালপুর প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ২নং কুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মোটরসাইকেল শোডাউন, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুরুজ্জামান সুরুজ। তিনি ২নং কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং দুইবার কারাবরণকারী নেতা।
রোববার (২৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মোড়, হাটবাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ পাড়া-মহল্লার অলিগলিতে গণসংযোগ করেন তিনি। এ সময় সাধারণ ভোটার, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে লিফলেট বিতরণ করেন। কর্মসূচিতে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুরুজ্জামান সুরুজ বলেন, “আমি কুলিয়া ইউনিয়নের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। রাজনীতি আমার কাছে শুধু পদ-পদবির বিষয় নয়; মানুষের পাশে দাঁড়ানো, তাদের কথা শোনা এবং এলাকার সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করাই আমার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছি। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও কারাবরণের অভিজ্ঞতা থাকলেও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় থেকে পিছিয়ে যাইনি। চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইউনিয়নের রাস্তা-ঘাটের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই।”
সুরুজ্জামান সুরুজ বলেন, “আমি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে কুলিয়া ইউনিয়নের সব মানুষের পাশে থাকতে চাই। তরুণদের কর্মসংস্থান, অসহায় মানুষের সহযোগিতা এবং এলাকার সার্বিক উন্নয়নে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। জনগণের অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।”
তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার চলার পথের প্রেরণা। আমি মানুষের প্রত্যাশা শুনতে চাই, তাদের সমস্যা জানতে চাই এবং বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে কুলিয়া ইউনিয়নকে আরও সুন্দর করে গড়ে তোলার প্রচেষ্টা চালাতে চাই।”
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও আলোচনা করেন তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর এ কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক তৎপরতা দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *