মাদারগঞ্জে পাঁচ গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে কাঠের সেতু নির্মাণ, উদ্যোগে ইফতেখার লেমন চৌধুরী ফাউন্ডেশন

মোঃ মানিক ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরে মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরকয়ড়া, কলাদহ, কুকুরমারি ও আশপাশের পাঁচ গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘবে কাঠের সেতু নির্মাণ করে দিয়েছে ইফতেখার লেমন চৌধুরী ফাউন্ডেশন। এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করেছেন ৬নং আদারভিটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী।
স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে নদীর এপার-ওপারের মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পাঁচ গ্রামের অসংখ্য মানুষ এই পথে চলাচল করেন। সেতুর অভাবে সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদেরও নানা সমস্যার মুখোমুখি হতে হতো। এমন পরিস্থিতিতে কাঠের সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী বলেন, “এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে সেতু নির্মাণের উদ্যোগে সার্বিক সহযোগিতা করেছি। মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা এবং এলাকার উন্নয়নে কাজ করা আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
সেতুটির উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। সহ-উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রতন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি আনোয়ার জাহিদ মাখনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ইফতেখার লেমন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এবং চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর সার্বিক সহযোগিতায় নির্মিত এ কাঠের সেতুটি পাঁচ গ্রামের মানুষের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।
তবে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ স্থায়ীভাবে নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
