নাংলায় চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রেজুর উঠান বৈঠক

মোঃ রুহুল আমিন রাজু, মোঃ রুহুল আমিন রাজু,জামালপুর প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলার ৪ নম্বর নাংলা ইউনিয়নে নির্বাচনী পরামর্শ সভা ও উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রেজু। গত ২৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে তাঁর নিজ বাড়িতে আয়োজিত এ বৈঠকে স্থানীয় ভোটার, নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
বৈঠকে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন রোধ এবং ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে স্থানীয় মানুষের প্রত্যাশা ও বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে মতামত তুলে ধরেন উপস্থিত ব্যক্তিরা।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাংলা ইউনিয়নের কৃতী সন্তান, প্রবীণ ব্যক্তিত্ব, সাবেক প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মহসিন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম রেজু বলেন, “হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে নাংলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই। জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি উন্নত, পরিচ্ছন্ন, জনবান্ধব ও পরিকল্পিত ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে জরাজীর্ণ রাস্তাঘাট সংস্কার, নতুন রাস্তা নির্মাণ, জলাবদ্ধতা নিরসন ও নদীভাঙনকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে অগ্রাধিকার দেব। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, এতিমখানা, কবরস্থান ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”
রেজাউল করিম রেজু বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। কোনো এলাকাকে অবহেলিত না রেখে সাধারণ মানুষের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
সভায় স্থানীয় ভোটার ও গণ্যমান্য ব্যক্তিরা ইউনিয়নের উন্নয়ন, জনসেবা সম্প্রসারণ এবং বিভিন্ন এলাকার বিদ্যমান সমস্যা নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন। এ সময় উপস্থিত কয়েকজন আসন্ন নির্বাচনে রেজাউল করিম রেজুর প্রতি সমর্থন জানান এবং তাঁর পক্ষে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাংলা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হাকিম বাদশা।
উল্লেখ্য, মোঃ রেজাউল করিম রেজু ৪ নম্বর নাংলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি স্থানীয় পর্যায়ে মতবিনিময় ও জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
