উপজেলার সংবাদজামালপুর

বহুমুখী প্রতিভার অধিকারী মাহছুদুর রহমান মাসুদ জীবন বীমা কর্পোরেশনের পরিচালক মনোনীত


নিজস্ব প্রতিবেদক:
কর্পোরেট জগতের শীর্ষস্থান থেকে শুরু করে খেলার মাঠ ও সামাজিক কর্মকান্ডের প্রতিটি ক্ষেত্রে যিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন, তিনি হলেন মো: মাহছুদুর রহমান মাসুদ। সম্প্রতি তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশনের পরিচালক মনোনীত হয়েছেন। পেশাগত জীবনে তিনি একজন সিনিয়র চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ)। বর্তমানে তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী রহিমআফরোজ গ্রুপে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি দেশের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্ম ‘রহমান রহমান হক’-এ (আরআরএইচ) দীর্ঘকাল সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। পেশাদার হিসাববিদ হিসেবে দেশের আর্থিক খাতে তার দীর্ঘ অবদান রয়েছে।
কর্পোরেট পরিচয়ের পাশাপাশি মাহছুদুর রহমান মাসুদ ক্রীড়াঙ্গনেও এক উজ্জ্বল নক্ষত্র। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের বর্তমান ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি দেশের শরীরগঠন ক্রীড়ার উন্নয়নে কাজ করছেন। তিনি নিজে একজন সফল আন্তর্জাতিক বডিবিল্ডার এবং দেশে ও বিদেশে বহু মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় পদক অর্জনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিতে তিনি আমেরিকা, জাপান, চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। জাতীয় পর্যায়ে অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি ‘মি. বাংলাদেশ’ ও ‘মি. ঢাকা’ খেতাবে ভূষিত হন। শরীরচর্চার পাশাপাশি বর্তমানে তিনি একজন নিয়মিত গল্ফার এবং কুর্মিটোলা গল্ফ ক্লাব ও সাভার গল্ফ ক্লাবের সম্মানিত সদস্য।
সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কাজে মাহছুদুর রহমান মাসুদের সম্পৃক্ততা প্রশংসনীয়। তিনি রোটারী ক্লাব অব বারিধারা ঢাকার পাস্ট প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন সেবামূলক কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মতো গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমুখী সংগঠনের একজন সক্রিয় সদস্য হিসেবে সমাজ সংস্কার এবং পরিবেশ রক্ষায় অবদান রাখছেন।
পারিবারিক জীবনে মাহছুদুর রহমান মাসুদ জামালপুর পৌর এলাকার পলাশগড় গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পিতা মরহুম সাগর আলী সরকার। এ ছাড়া জামালপুর শহরের মেডিকেল রোডস্থ ঐতিহ্যবাহী ‘পিপুলস ক্লথ অ্যান্ড টেইলার্স’-এর স্বত্বাধিকারী মাহফুজুর রহমান মাফি এবং ব্যবসায়ী ও রাজনীতিক মাহবুবুর রহমানের ছোট ভাই।
ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে তার দুই কন্যাই বর্তমানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্স (সিএ) বিষয়ে অধ্যয়ন করছেন, যাদের মধ্যে কনিষ্ঠ কন্যা বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী।
পেশা, ক্রীড়া ও সমাজসেবার এক বিরল সমন্বয় ঘটিয়ে মাহছুদুর রহমান মাসুদ তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণার নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *