উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর সিজেএম কোর্ট পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দীক

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) কোর্টের বার্ষিক পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবু বকর সিদ্দীক। পরিদর্শনকালে তিনি আদালতের সার্বিক কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা, পুলিশ সদস্যদের কর্মপরিবেশ এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
শনিবার (৩১ অক্টোবর) বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে তিনি জামালপুর সিজেএম কোর্টের বিভিন্ন দপ্তর ও কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি কোর্টে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের কর্মপরিবেশ ও দায়িত্ব পালনের বিষয়ে খোঁজখবর নেন। তিনি বিচারিক আদালতের কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও গতিশীল রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় তিনি সদর কোর্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন এবং কার্যক্রমের মানোন্নয়ন ও দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। পরে কোর্টের বিভিন্ন অফিস কক্ষ ও মালখানা সরেজমিনে পরিদর্শন করেন। মালখানায় সংরক্ষিত জব্দকৃত আলামতের যথাযথ নিরাপত্তা, সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি বলেন, বিচারিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত প্রতিটি দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পেশাগত দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহি ও আন্তরিকতার মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে দাপ্তরিক কার্যক্রমে শৃঙ্খলা ও গতিশীলতা বজায় রাখার বিষয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ রাকিবুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিঃ) ও কোর্ট ইন্সপেক্টর জনাব মোঃ আব্দুল হালিম, সদর কোর্টের পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব আবেদা খানসহ কোর্টে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের বার্ষিক পরিদর্শন দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়ন, কর্মক্ষেত্রে জবাবদিহি বৃদ্ধি এবং বিচারিক কার্যক্রমে পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতা আরও সুসংহত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *