মেলান্দহে বিএনপি নেতার পাটের গোডাউনে ভয়াবহ আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে বিএনপি নেতার মালিকানাধীন একটি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে মজুত থাকা বিপুল পরিমাণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মোগল শেখসহ দুই পাট ব্যবসায়ী তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক পুঁজি হারিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন।
গতকাল বিকেল ৫টার দিকে মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের মাঝবন্দ নাংলা গ্রামে অবস্থিত জাহাঙ্গীর পাট গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোডাউনটির মালিক আলহাজ্ব বজলুর রহমান। তিনি নাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহসভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে গোডাউনে মজুত পাটের স্তূপে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় বিপুল পরিমাণ পাট পুড়ে ছাই হয়ে যায়। এতে গোডাউনে সংরক্ষিত পাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
জানা গেছে, স্থানীয় কয়েকজন ক্ষুদ্র ও মাঝারি পাট ব্যবসায়ী তাদের কেনা পাট ওই গোডাউনে সংরক্ষণ করে রেখেছিলেন। অগ্নিকাণ্ডে মজুত পাট পুড়ে যাওয়ায় বিশেষ করে মোগল শেখসহ দুই ব্যবসায়ী বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসায়িক পুঁজি হারিয়ে তারা এখন দিশেহারা। নতুন করে ব্যবসা শুরু করা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
এদিকে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট, নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণও সংশ্লিষ্টদের হিসাব-নিকাশ শেষে জানা যাবে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নাংলা ইউনিয়ন পরিষদের সাবেক কয়েকবারের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “আমি গতকাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গোডাউনটি সরেজমিনে পরিদর্শন করেছি। এ ঘটনায় দুই ব্যবসায়ী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারেন, সে জন্য সরকারের পক্ষ থেকে জরুরি আর্থিক সহযোগিতা প্রদানের অনুরোধ জানাচ্ছি।”
হঠাৎ এই অগ্নিকাণ্ডে দুই ব্যবসায়ীর স্বপ্ন ও দীর্ঘদিনের ব্যবসায়িক পুঁজি পুড়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ী মহলে উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক দুরবস্থা বিবেচনায় নিয়ে সরকারি সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
