উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

জাতীয় যুব দিবসে মেলান্দহে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি:

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে জামালপুরের মেলান্দহে র‍্যালি, আলোচনা সভা ও সুদমুক্ত ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম সরাফত উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম মাহমুদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জিন্নাতুল আরা বলেন, শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের কারিগরি প্রশিক্ষণ গ্রহণ ও সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে হবে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে হবে। উদ্যোক্তা তৈরিতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।

ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, জাপানের মতো উন্নত দেশের অগ্রগতির পেছনে কারিগরি শিক্ষা, কর্মদক্ষতা ও উদ্যোক্তা তৈরির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যুবসমাজকে মাদক থেকে দূরে থেকে কৃষি, ক্ষুদ্র ব্যবসা ও কারিগরি কাজে আত্মনিয়োগ করতে হবে।

অন্যান্য বক্তারাও যুবকদের পরিশ্রমী, দক্ষ ও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ এম রফিকুল ইসলাম রহিম, মো. আলী আকবর, হাজরাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক তালাত মাহমুদ এবং শিক্ষক মো. আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপজেলার বিভিন্ন এলাকার যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।

দুই যুবতী পেলেন আড়াই লাখ টাকার ঋণ

অনুষ্ঠান শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুই যুবতীর মধ্যে মোট ২ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এর মধ্যে মুন্নী আক্তারকে ১ লাখ এবং ইসরাত নাসরিনকে ১ লাখ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।
বক্তারা বলেন, দক্ষতা, প্রশিক্ষণ ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে পারলেই যুবসমাজ বেকারত্ব দূর করে আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *