উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে রেলওয়ে পুলিশ ও আরএনবির যৌথ অভিযান

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদে যাত্রী ওঠা প্রতিরোধে যৌথ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে প্ল্যাটফর্মে দায়িত্ব পালনরত রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এ সময় কোনো যাত্রী যাতে ট্রেনের ছাদে উঠতে না পারেন, সে লক্ষ্যে বিশেষ সতর্কতা ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ট্রেনের ছাদে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে যেকোনো সময় প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ছাদে ওঠা প্রতিরোধে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত রাখা হয়েছে।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধে রেলওয়ে পুলিশ ও আরএনবি সমন্বিতভাবে কাজ করছে; জনসচেতনতা ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।”
রেলওয়ে পুলিশের পক্ষ থেকে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ না করার এবং নিরাপদে ট্রেনে যাতায়াতের জন্য সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *