ভোরে মাহিন্দ্র ট্রাক্টর, দুপুরে মোটরসাইকেল চুরি; ২০ হাজার টাকায় বিক্রির চেষ্টায় ইসলামপুরে আটক তামিম
মোঃ মানিক ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে একই দিনে মাহিন্দ্র ট্রাক্টর ও মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে তামিম ওরফে ফকির (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। পরে চুরি করা মোটরসাইকেলটি ইসলামপুরে মাত্র ২০ হাজার টাকায় বিক্রির চেষ্টাকালে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশ।
আটক তামিম মাদারগঞ্জ উপজেলার চরনাদাগাড়ী এলাকার সোজা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোরে মাদারগঞ্জের মিলনবাজার থেকে বডিসহ সোনালিকা ব্র্যান্ডের একটি মাহিন্দ্র ট্রাক্টর চুরি করে নিয়ে যায় তামিম। পরে ৫নং জোড়খালী ইউনিয়নের বারইপাড়া চৌরাস্তা মোড়ে গিয়ে ট্রাক্টরটির জ্বালানি তেল শেষ হয়ে যায়। এ সময় ৯নং কর্ণিবাড়ী ইউনিয়নের ছোঁনপচা চর এলাকার লিটন বেপারীর সঙ্গে তার দেখা হয়। পরে লিটনের মোটরসাইকেলে চড়ে তার ভায়রার বাড়ি পর্যন্ত যায় তামিম।
একপর্যায়ে তামিম লিটন বেপারীকে অনুরোধ করে তাকে বটতলায় নামিয়ে দেওয়ার জন্য। মানবিক কারণে লিটন নিজে না গিয়ে তাঁর ছোট ভাতিজাকে মোটরসাইকেল দিয়ে তামিমকে বটতলায় পৌঁছে দিতে বলেন। কিন্তু পথিমধ্যে তামিম তাঁর ভাতিজাকে ধাক্কা দিয়ে ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন লিটন।
লিটন বেপারী জানান, মানবিক কারণে সহযোগিতা করতে গিয়ে শেষ পর্যন্ত নিজের মোটরসাইকেল হারাতে হয়েছে তাঁকে। তামিমকে বটতলায় পৌঁছে দেওয়ার জন্য তিনি তাঁর ভাতিজাকে মোটরসাইকেল দিয়েছিলেন। কিন্তু পথে তামিম ভাতিজাকে ধাক্কা দিয়ে ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে ভাতিজার কাছ থেকে বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, সেখানে রাখা মাহিন্দ্র ট্রাক্টরটির বডিও নেই। এমন পরিস্থিতিতে তিনি হতবাক হয়ে যান।
পরে ট্রাক্টরের মালিক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বডিবিহীন মাহিন্দ্র ট্রাক্টরটি উদ্ধার করে মিলনবাজারে নিয়ে যান।
এদিকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে তামিম ইসলামপুর উপজেলার ৫নং নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা চরের নদীর পাশের বেড়িবাঁধ এলাকায় যায়। সেখানে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেলটি স্থানীয় এক ব্যক্তির কাছে মাত্র ২০ হাজার টাকায় বিক্রির প্রস্তাব দেয়।
মোটরসাইকেলের মূল্য বিবেচনায় এত কম দামে বিক্রির প্রস্তাব স্থানীয়দের সন্দেহ হলে তারা তামিমকে আটক করে ইসলামপুর থানা পুলিশকে খবর দেন।
পরে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তামিমকে আটক করে। পরবর্তীতে তাকে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বর্তমানে তামিম মাদারগঞ্জ মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
