কুলিয়ার টনকী গ্রামে চেয়ারম্যান প্রার্থী ডা. মেহেদী হাসান মেহেরের নির্বাচনী পরামর্শ সভা ও উঠান বৈঠক

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলার ২ নম্বর কুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মেহেদী হাসান মেহেরের নির্বাচনী পরামর্শ সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টনকী গ্রামের ঐতিহ্যবাহী রেজাউল করিমের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী, ভোটার, মুরব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় কুলিয়া ইউনিয়নের দীর্ঘদিনের রাস্তাঘাটের দুরবস্থা, নদীভাঙন, গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন টনকী গ্রামের ঐতিহ্যবাহী বড় বাড়ির প্রবীণ ব্যক্তিত্ব মরহুম আব্দুল মজিদ বাঘার ছেলে এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলমগীর হোসেন বাঘা।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মেহেদী হাসান মেহের বলেন, “হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। জনগণের মতামত, চাহিদা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কুলিয়া ইউনিয়নকে একটি উন্নত, পরিচ্ছন্ন, জনবান্ধব ও পরিকল্পিত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, ইউনিয়নের জরাজীর্ণ রাস্তাঘাট সংস্কার, নতুন সড়ক নির্মাণ, গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে নদীভাঙনকবলিত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে।
ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, এতিমখানা ও কবরস্থানের উন্নয়নে সহযোগিতার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করতে চান। একই সঙ্গে ইউনিয়নের পরিচ্ছন্নতা, জনসেবা সম্প্রসারণ ও সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
ডা. মেহেদী হাসান মেহের আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হতে পারলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করব। কোনো ওয়ার্ড বা এলাকাকে অবহেলিত রাখতে চাই না। সবার মতামত, সহযোগিতা ও অংশগ্রহণের ভিত্তিতে একটি বৈষম্যহীন ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার লক্ষ্য।”
সভায় বক্তব্য রাখেন টনকী গ্রামের বাসিন্দা ও কুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক দীর্ঘদিনের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিপন মিয়া, ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল মিয়া, কুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কুদরত আলী, যুবদল নেতা রাজু, কামরুজ্জামান করাচী এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কুলিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে যোগ্য নেতৃত্ব, জনসম্পৃক্ততা ও পরিকল্পিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তাঁরা এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, নদীভাঙন ও জনদুর্ভোগ নিরসনের পাশাপাশি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত স্থানীয় ভোটার ও নেতাকর্মীদের অনেকে আসন্ন নির্বাচনে ডা. মেহেদী হাসান মেহেরের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং তাঁকে চেয়ারম্যান পদে বিজয়ী করতে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন টনকী গ্রামের কৃতী সন্তান ও কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান।
