মাদক কারবারিদের পাশাপাশি মাদকাসক্তদের বিরুদ্ধেও কঠোর জামালপুর পুলিশ

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
মাদক কারবারিদের পাশাপাশি মাদকাসক্তদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে জামালপুর জেলা পুলিশ। মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজ ও সাধারণ মানুষকে রক্ষায় এবার মাদকাসক্তদের শনাক্ত করতেও জোরদার করা হচ্ছে ডোপ টেস্ট কার্যক্রম। ডোপ টেস্টে মাদকের সম্পৃক্ততা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
পুলিশের এ উদ্যোগের মূল লক্ষ্য শুধু মাদক ব্যবসা বন্ধ করা নয়, মাদকাসক্তদেরও আইনের আওতায় এনে সমাজকে মাদকমুক্ত করার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফেরার পথ তৈরি করা। একই সঙ্গে মাদকের উৎস, সরবরাহ ও কারবারিদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হচ্ছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে নিয়মিত গ্রেপ্তার ও মাদক উদ্ধারের পাশাপাশি সন্দেহভাজন মাদকাসক্তদের ডোপ টেস্টের আওতায় আনার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। পরীক্ষায় মাদকের সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের এ উদ্যোগকে মাদকবিরোধী কার্যক্রমে নতুন মাত্রা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান যেমন জরুরি, তেমনি মাদক গ্রহণকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং তাদের পুনর্বাসনের সুযোগ তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ।
পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন,
“মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত—উভয়ের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করে জামালপুরকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
জেলা পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
