আলোচিতউপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

জামালপুর এক্সপ্রেসে মাকে হারিয়ে ট্রেনে আটকে ৮ বছরের শিশু, রেলওয়ে পুলিশের সহায়তায় মায়ের কোলে ফিরল

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনে মাকে হারিয়ে আটকে পড়া আট বছর বয়সী শিশু আকিকা আক্তারকে নিরাপদে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে রেলওয়ে পুলিশ। পুলিশের আন্তরিকতা ও দ্রুত পদক্ষেপে মায়ের সঙ্গে শিশুটির পুনর্মিলন ঘটেছে।
১২ অক্টোবর ২০২৬, সোমবার বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের গফরগাঁও স্টেশনে পৌঁছালে এ ঘটনা ঘটে। এ সময় শিশু আকিকা আক্তারের মা মোসাম্মৎ সাহিদা (৩৫) পানি পান করার জন্য প্ল্যাটফর্মে নামেন। এরই মধ্যে ট্রেনটি জামালপুরের উদ্দেশে ছেড়ে গেলে আট বছর বয়সী মেয়ে ট্রেনেই থেকে যায়।
পরে সাহিদা মোবাইল ফোনে আত্মীয়স্বজনকে বিষয়টি জানান। আত্মীয়রা রেলওয়ে থানাকে অবহিত করলে দ্রুত ট্রেনে দায়িত্ব পালনরত টিজি পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ সদস্যরা শিশুটিকে খুঁজে পেয়ে নিরাপদ হেফাজতে নেন এবং তার মাকে বিষয়টি অবহিত করেন।
জামালপুর স্টেশনে ট্রেন পৌঁছানোর পর নারী পুলিশের সহায়তায় শিশুটিকে নারী ও শিশু হেল্প ডেস্কে নিরাপদে রাখা হয়। খবর পেয়ে মা সাহিদা জামালপুর রেলওয়ে থানায় এসে মেয়েকে শনাক্ত করেন। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার মায়ের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “শিশুটিকে নিরাপদে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে রেলওয়ে পুলিশ আন্তরিকভাবে কাজ করেছে। যাত্রীদের নিরাপত্তা ও বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”
রেলওয়ে পুলিশের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপে স্বস্তি ফিরেছে মা ও শিশুর পরিবারে। পাশাপাশি ঘটনাটি যাত্রাপথে শিশুদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনের গুরুত্বও স্মরণ করিয়ে দিয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *