উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে দায়সারাভাবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

মোঃ মানিক ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি:

সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হলেও জামালপুরের মাদারগঞ্জে দিবসটি দায়সারাভাবে পালনের অভিযোগ উঠেছে। মাত্র ১০ থেকে ১৫ মিনিটের সংক্ষিপ্ত কর্মসূচিতে র‍্যালি, সচেতনতামূলক আলোচনা ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া শেষ করায় আয়োজনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, ফায়ার সার্ভিসের কর্মী এবং একটি বিদ্যালয়ের ১২ থেকে ১৩ জন শিক্ষার্থী অংশ নেয়। তবে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতি দেখা যায়নি বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। সীমিতসংখ্যক অংশগ্রহণকারীর উপস্থিতিতে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। সামান্য আপ্যায়নের মধ্য দিয়ে আয়োজন শেষ হওয়ায় দিবসটি পালনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

সচেতন মহলের মতে, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মূল লক্ষ্য হলো দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বাড়ানো। কিন্তু মাদারগঞ্জে বৃহত্তর জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে উল্লেখযোগ্য কোনো সচেতনতামূলক কার্যক্রম দেখা যায়নি। এতে দিবসটি পালনের কার্যকারিতা এবং আয়োজনের জন্য বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজ উদ্দিন বলেন, “আমি প্রশিক্ষণে আছি। জামালপুর সদরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাদারগঞ্জে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। আজকের কর্মসূচির জন্য পাঁচ হাজার টাকা বরাদ্দ ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, “আমি ওই প্রোগ্রামের অতিথি ছিলাম। অনুষ্ঠানের মূল আয়োজক পিআইও অফিস।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *