আলোচিতউপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

জামালপুরে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জনসহ নিহত ৪, আহত ২ মেলান্দহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা—ঘাতক ট্রাক ও চালক আটক, ঘটনাস্থল পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল


মোঃ রুহুল আমিন রাজু,জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় ইজিবাইকের যাত্রী শিশুসহ একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অপর নিহত ব্যক্তি হলেন মেলান্দহ পৌরসভার শাহাজাতপুর এলাকার বাসিন্দা লিখন (৪৫)। তিনি গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মেলান্দহের শিমুলতলী থেকে একটি ইজিবাইক জামালপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে জামালপুর থেকে একটি মোটরসাইকেল মেলান্দহের দিকে আসছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি ইজিবাইককে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ইজিবাইকের যাত্রী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হন। গুরুতর আহত লিখনকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ঘাতক ট্রাকসহ তাঁকে আটক করে মেলান্দহ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
এদিকে মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় এমন প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের পরিবারের এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা এবং দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *