মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা, ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান ইউএনও জিন্নাতুন আরার

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার ২ নম্বর কুলিয়া ইউনিয়নের টনকী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুন আরার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এ জরিমানা করেন।
অভিযানকালে ব্যবসাপ্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় পরিদর্শন করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুন আরা বলেন, ভোক্তাদের স্বার্থ ও অধিকার সুরক্ষা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। বাজারে পণ্যের সঠিক মূল্য, মান ও স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীরা যেন আইন মেনে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করেন, সে বিষয়ে সচেতন করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান কাউকে হয়রানি করার জন্য নয়; বরং বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং ব্যবসায়ীদের মধ্যে আইন মেনে চলার মানসিকতা তৈরি করাই এর মূল উদ্দেশ্য। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকলে সাধারণ ক্রেতারা উপকৃত হবেন এবং ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়বে।
