মাদারগঞ্জে বিজিবি সদস্যের বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগ
মোঃ মানিক ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
জামালপুর মাদারগঞ্জে বিজিবিতে কর্মরত শফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক নারীকে কাবিননামা ছাড়াই বিয়ে, প্রতারণা এবং অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিয়ের কাবিননামা না পেয়ে আইনি লড়াই করতে পারছেন না বলে দাবি করেছেন ভুক্তভোগী শান্তি আক্তার মীম। এ ঘটনায় বিজিবি সদস্য শফিকুল ইসলামসহ পাঁচজনকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।
ভুক্তভোগী শান্তি আক্তার মীম মাদারগঞ্জ উপজেলার সুখনগরী এলাকার মমিনুল ইসলামের মেয়ে। অভিযুক্ত শফিকুল ইসলাম উপজেলার শুভগাছা এলাকার ইসমাইল হোসেনের ছেলে। তিনি বিজিবিতে কর্মরত রয়েছেন।
আইনি নোটিশ সূত্রে জানা যায়, প্রায় ৭-৮ মাস আগে শফিকুল ইসলামের সঙ্গে মীমের বিয়ে হয়। নোটিশে বলা হয়েছে, নিকাহ রেজিস্ট্রার ও কাজি ৯ লাখ টাকা দেনমোহর ধার্য করে ওই বিয়ে রেজিস্ট্রি করেন এবং বিয়ের অন্যান্য বিষয়াদি সম্পন্ন করেন।
নোটিশে আরও উল্লেখ করা হয়, বিয়ের সময় মীমের অভিভাবক ৬০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের আংটি এবং ৪০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন উপহার দেন। পরবর্তীতে মীমকে স্ত্রী হিসেবে গ্রহণ করার সময় তাঁর বাবার কাছ থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের একজোডা কানের দুল ও প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া হয়। এ ছাড়া চাকরিতে পদোন্নতির কথা বলে পাঁচ লাখ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
আইনি নোটিশে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। সাইদুর কাজিকে নোটিশে ‘কুচক্রী, প্রতারক, দুর্নীতিবাজ ও জালিয়াতকারী চক্রের’ সদস্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
এদিকে বিয়ে পড়ানো কাজি মিজান জানান, তিনি মীম ও শফিকুল ইসলামের বিয়ে পড়িয়েছেন। তবে শফিকুল ইসলাম বিজিবিতে চাকরি করেন বলে তাঁদের বিয়ের কাবিননামা করেননি। তিনি কাজি সাইদুর ইসলামের সহকারী হিসেবে কাজ করেন বলেও জানান।
অন্যদিকে কাজি সাইদুর ইসলাম জানান, তিনি অসুস্থ থাকলে মাঝেমধ্যে মিজান কাজি তাঁর হয়ে বিয়ে পড়ানো ও কাবিন রেজিস্ট্রির কাজ করেন। সাইদুর ইসলাম মাদারগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার ও কাজির দায়িত্বে রয়েছেন।
তবে আইনি নোটিশে ৯ লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে রেজিস্ট্রির কথা উল্লেখ থাকলেও কাজি মিজান কাবিন না করার কথা জানিয়েছেন। ফলে বিয়ের রেজিস্ট্রেশন ও কাবিননামা নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে।
এদিকে কাবিননামা সংগ্রহের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী মীম। তাঁর দাবি, কাবিননামা না থাকায় তিনি আইনি লড়াই করতে পারছেন না। মীম অভিযোগ করে বলেন, বিজিবি সদস্য শফিকুল ইসলাম একাধিক নারীকে কাবিননামা ছাড়াই বিয়ে করেছেন। তাঁদের কাছ থেকেও টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে অনেক নারীর জীবন নষ্ট করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে বিজিবি সদস্য শফিকুল ইসলামের বাড়িতে গেলে পরিবারের কেউ কথা বলতে রাজি হননি। তাঁর মোবাইল নম্বর চাইলে পরিবারের সদস্যরা তা দিতেও অস্বীকৃতি জানান।
