টনকী বাজারে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান ঠান্ডার গণসংযোগ ও মিছিল

জামালপুর প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যার পর টনকী বাজারে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেন তিনি। পরে তাঁর সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সুখ-দুঃখ, এলাকার সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি একটি শান্তিপূর্ণ, উন্নত, নিরাপদ ও মাদকমুক্ত কুলিয়া ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা ২নং কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি নিজেকে কুলিয়ার মাটি ও মানুষের সন্তান উল্লেখ করে বলেন, এই ইউনিয়নের আলো-বাতাসেই তাঁর বেড়ে ওঠা। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক রয়েছে। সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও সেই সম্পর্ক অটুট রেখে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান।
গণসংযোগকালে তিনি বলেন, “আমার একটাই স্বপ্ন—একটি শান্তিপূর্ণ, উন্নত ও মাদকমুক্ত কুলিয়া গড়ে তোলা। আমি চাই, ইউনিয়নের প্রতিটি মানুষ নিরাপদে বসবাস করবেন, তরুণ সমাজ মাদক থেকে দূরে থেকে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে এবং সাধারণ মানুষ যথাযথ নাগরিক সেবা পাবে।”
তিনি আরও বলেন, “দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে কুলিয়ার সব মানুষের জন্য কাজ করতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আপনারা পাশে থাকলে, ইনশাআল্লাহ কুলিয়াকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব।”
এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে ২নং কুলিয়া ইউনিয়নকে একটি সুন্দর, নিরাপদ, মাদকমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
