দুর্নীতিবাজ কর্মকর্তাদের চাকরিচ্যুত করার নির্দেশ দুদকের

জামালপুর প্রতিনিধি:
সরকারি দপ্তরগুলোতে প্রায়ই সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হন মানুষ। কিছু কিছু দপ্তরে টাকা ছাড়া তো সেবাই মেলে না। বিভিন্ন দপ্তরে হয়রানির শিকার লোকজন দুদকের শুনানিতে ঘুষ দুনীতির ফিরিস্তি তুলে ধরেছেন। তাঁদের অভিযোগ শুনে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে দুদক। প্রয়োজনে তাঁদের চাকরিচ্যুত করতে পরামর্শ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে ৬ জুন মঙ্গলবার জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে গণশুনানি হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। প্রধান অতিথির বক্তব্য দেন দুদক কমিশনার (তদন্ত) জহুরুল হক, মহাপরিচালক আক্তার হোসেন, ময়মনসিংহ বিভাগের পরিচালক ঋত্বিক সাহা, উপপরিচালক তালেবুর রহমান, অতিরিক্ত পুলিশ
সুপার সীমা রানী সরকার ও দুর্নীতি দমন প্রতিরোধ জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম। গণশুনানিতে দুদক কমিশনারের সামনে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী লোকজন। এতে প্রধান্য পায় উপজেলা ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, সেটেলমেন্ট অফিস, ভূমি অধিগ্রহণ অফিস, বিআরটিএ, গণপূর্ত অধিদপ্তর, হাসপাতাল ও পিবিআই। ভুক্তভোগী মানুষের অভিযোগ শুনে জনসমক্ষেই ঘুষখোর-দুর্নীতিবাজ কর্মকর্তাদের তিরস্কার করেন দুদক কমিশনার। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে ১৬০টি অভিযোগ যাচাই- বাছাই শেষে ৬২টির শুনানি হয়।
গণশুনানিতে উপস্থিত ছিলেন জামালপুর দুদকের কর্মকর্তা-কর্মচারী, জেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের নাগরিকরা।
