ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থান বাড়াতে কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি জামালপুরে সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক:
বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের জন্য সরকারিভাবে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এর অংশ হিসেবে জামালপুর আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় দেশের ৮টি জেলার মোট ৬৪ জন ভিডিপি সদস্য সম্পূর্ণ বিনামূল্যে দুই মাসব্যাপী এই আবাসিক প্রশিক্ষণ গত মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সম্পন্ন করেছেন।
আয়োজক জেলা জামালপুর ছাড়াও এই কার্যক্রমে অংশ নেন আরও ৭টি জেলার প্রশিক্ষণার্থীরা। জেলাগুলো হলো- ঠাকুরগাঁও, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম এবং পঞ্চগড়।
প্রশিক্ষণার্থীদের আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ করে তুলতে নির্মাণ খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ের ওপর বাস্তবমুখী ও নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়। বিষয়গুলো হলো: রাজমিস্ত্রির কাজ, রড বাইন্ডিং বা স্টিল ফিক্সিং এবং শাটারিং।
ভিডিপি সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে ১৭ জন রাজমিস্ত্রির কাজ, ২০ জন রড বাইন্ডিং বা স্টিল ফিক্সিং এবং ২৭ জন শাটারিংয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছেন।
জামালপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মীরবাহার শাহাদাত হোসেন জানান, শুধুমাত্র ভিডিপি সদস্যরাই এই প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন।
তিনি জানান, প্রশিক্ষণ শেষে তারা যেন সরকারি ব্যবস্থাপনায় কেবল বিমান ভাড়া দিয়ে বিদেশে চাকরির সুযোগ পান, সেই ব্যবস্থা করে দিয়েছে সরকার। বিমান ভাড়া জোগাড়ে অক্ষমদের ক্ষেত্রে আনসার ও ভিডিপি ব্যাংক থেকে ঋণ পাওয়ারও সুযোগ রয়েছে, যা পরবর্তিতে কিস্তিতে পরিশোধযোগ্য বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, বিদেশে দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে সরকার এই বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। ইতোমধ্যে প্রথম ব্যাচের ৬৪ জন প্রশিক্ষণার্থী সফলভাবে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এরই ধারাবাহিকতায়, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, সরকারি এই উদ্যোগ দেশের বেকারত্ব দূর করার পাশাপাশি ভিডিপি যুবকদের আত্মনির্ভরশীল করে তুলতে এবং দেশের রেমিট্যান্স প্রবাহ আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
