মেলান্দহে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ ও বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ
চরাঞ্চলের কৃষিকে আধুনিক প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও অধিক লাভজনক করে তুলতে জামালপুরের মেলান্দহে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী প্রশিক্ষণ ও বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উন্নত চাষাবাদ পদ্ধতির সম্প্রসারণ এবং ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি বিভাগের এ উদ্যোগ স্থানীয় কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় মেলান্দহ উপজেলা কৃষি অফিসের হলরুমে ২০২৬-২৭ অর্থবছরে ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. জিয়াউর রহমান, মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ, সিনিয়র মনিটরিং অফিসার মেহজাবিন খানম ও রাকিব হাসান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহমিদা ফারজানা সেতু। এ ছাড়া নাংলা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কাওসার, শ্যামপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ সরকারসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণে ৬০ জন কৃষক-কৃষাণী অংশ নেন। তাঁদের আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত চাষাবাদ পদ্ধতি, ফসলের সঠিক পরিচর্যা, রোগবালাই ব্যবস্থাপনা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে শ্যামপুর ও নাংলা ইউনিয়নের আটজন নির্বাচিত সুবিধাভোগী কৃষক-কৃষাণীর মধ্যে সরিষার বীজ, সার, বালাইনাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট ও সাইনবোর্ডসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় প্রকল্প পরিচালক মো. জিয়াউর রহমান বলেন, “চরাঞ্চলের কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করে তাঁদের দক্ষতা বৃদ্ধি এবং উন্নত কৃষি উপকরণ ব্যবহারে উৎসাহিত করার মাধ্যমে কৃষি উৎপাদন ও কৃষকের আয় বাড়ানোই এ প্রকল্পের মূল লক্ষ্য।”
মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ বলেন, “কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ সহায়তার মাধ্যমে আধুনিক চাষাবাদ সম্প্রসারণ, উৎপাদন ব্যয় কমানো এবং অধিক ফলন নিশ্চিত করতে উপজেলা কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
এদিকে, প্রশিক্ষণ কর্মসূচি শেষে প্রকল্প পরিচালক মো. জিয়াউর রহমান মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া বাজার এলাকায় একটি পলিসেড পরিদর্শন করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, কৃষকদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বিনামূল্যে কৃষি উপকরণ সহায়তা চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এর মাধ্যমে সরিষাসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় ও আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং দেশের খাদ্যনিরাপত্তা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।
