মাদারগঞ্জের বালিজুড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাইদ, জানালেন উন্নয়নের নানা পরিকল্পনা

মোঃ মানিক ইসলাম, স্টাফ রিপোর্টার:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আসন্ন ৪নং বালিজুড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার কথা জানিয়েছেন মোঃ আবু সাইদ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং নাগরিক সেবা সহজলভ্য করার প্রত্যাশা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান আবু সাইদ।
তিনি জানান, চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবেন।
বিশেষ করে রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ, বয়স্ক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়াকে অগ্রাধিকার দেবেন।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদকে সাধারণ মানুষের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে চান। দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের জন্য পরিষদের সেবা উন্মুক্ত রাখা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবেন।
পাশাপাশি তরুণ সমাজের কর্মসংস্থান, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিতে চান।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, নির্বাচনে যিনিই চেয়ারম্যান নির্বাচিত হোন না কেন, তাঁকে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে। বিশেষ করে গ্রামীণ সড়কের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, নাগরিক সেবা সহজীকরণ এবং দরিদ্র মানুষের সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি তাঁদের।
স্থানীয়দের মতে, নির্বাচনী প্রতিশ্রুতির পাশাপাশি প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, মানুষের পাশে থাকার অভিজ্ঞতা এবং এলাকার উন্নয়নে বাস্তবসম্মত পরিকল্পনাও বিবেচনায় রাখা প্রয়োজন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ৪নং বালিজুড়ী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ও সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী আলোচনা বাড়ছে। এ অবস্থায় নিজের রাজনৈতিক অভিজ্ঞতা ও এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু সাইদ।
তিনি এ বিষয়ে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে সবার সমর্থন ও পরামর্শ নিয়ে বালিজুড়ী ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
