আন্তর্জাতিকশিক্ষা

বাংলাদেশ টেনিসে বাহরাইনকে ২-১ ব্যবধানে হারাল

ভিয়েতনামের ফান থিয়েতে চলমান ‘ডেভিস কাপ-২০২৬ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫’ টেনিস প্রতিযোগিতায় আজ শীর্ষ বাছাই বাহরাইনকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

ডেভিস কাপ নেশনস র‌্যাঙ্কিংয়ে বাহরাইনের অবস্থান ১২৮ এবং বাংলাদেশের ১৪৮। নোভাওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রতিযোগিতার ১ নম্বর বাছাই দলের বিপক্ষে এই জয় বাংলাদেশের টেনিসের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য। প্রথম দিনে নেপালের কাছে হারের পর এটি এবারের আসরে বাংলাদেশের প্রথম জয়।

দিনের প্রথম একক ম্যাচে কাব্য গায়েন বাহরাইনের আহমেদ আলসায়েদকে ০-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। প্রথম সেটে হারার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা দুই সেট জিতে নেয় কাব্য। ম্যাচটি ২ ঘণ্টা ধরে চলে।

দ্বিতীয় একক ম্যাচে জারিফ আবরার বাহরাইনের রুশিকেশ সোনাওয়ানেকে ৭-৬(১), ৬-৪ গেমে সরাসরি সেটে হারায়। ১ ঘণ্টা ৫৯ মিনিটের এ জয়ের মাধ্যমে বাংলাদেশ টাইয়ের জয় নিশ্চিত করে।

দিনের শেষ ম্যাচ দ্বৈতে জারিফ আবরার ও কাব্য গায়েন জুটি বাহরাইনের হাশিম আলতুবলি ও রুশিকেশ সোনাওয়ানে জুটির কাছে ৫-৭, ৬-৪, ৪-৬ গেমে হেরে যায়। ২ ঘন্টা ২২ মিনিটের লড়াইয়ে দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফিরলেও শেষ সেটে জয় পায়নি বাংলাদেশ জুটি।

বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন প্লেয়িং ক্যাপ্টেন মোফাজ্জল হোসেন। দলের অন্য সদস্যরা হলেন জারিফ আবরার, কাব্য গায়েন ও মো: রাকিন রহমান। বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *