জামালপুরে টিআরসি নিয়োগ উপলক্ষে প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অক্টোবর-২০২৬ নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জামালপুর পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর জামালপুর জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৫ নভেম্বর লিখিত পরীক্ষা এবং ৫ ডিসেম্বর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি যোগ্য ও মেধাবী প্রার্থী নির্বাচনে নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করার আহ্বান জানান।
প্রস্তুতিমূলক এ ব্রিফিংয়ে নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, নেত্রকোনা) স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, শেরপুর) নাসরিন আক্তার, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আদনান নূহাশ, জামালপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রেহেনা জান্নাতসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
যোগ্যতা ও মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে জামালপুর জেলা পুলিশের এ প্রস্তুতিমূলক উদ্যোগ নিয়োগ কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য করে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
