জাতীয়জামালপুর

সাংবাদিক নাদিম হত্যায় বাবুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।

শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালতে জবানবন্দি দেন তিনি।

এর আগে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয় চেয়ারম্যান বাবুকে। বিকেল সাড়ে ৫টায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, গত ১৮ জুন সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছিল। শুক্রবার রিমান্ড শেষে দপুর দেড়টার দিকে তাকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে তোলা হয়। পরে বাবু জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল্লাহ পিয়াসের আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে  জবানবন্দি দেন।  

উল্লেখ্য, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পরদিন বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে নামীয় ২২ জন ও অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় এখন পর্যন্ত প্রধান আসামিসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *