জাতীয়জামালপুরসরিষাবাড়ি

যমুনা সার কারখানায় সার উৎপাদন বন্ধ কবে নাগাদ উৎপাদন চালু হবে তা অনিশ্চিত

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের সর্ববৃহৎ যমুনা সার কারখানায় (জেএফসিএল) সাময়িক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ কারণে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে অনির্দিষ্টকালের জন্য ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।

এর আগে গত বছরের ৪ সেপ্টেম্বর বন্ধ হবার ৭৩ দিন পর ১৮ নভেম্বর কারখানাটির উৎপাদন শুরু করা হয়।

জেএফসিএল সূত্র জানায়, বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন যমুনা সার কারখানা প্রতিষ্ঠার শুরু থেকে দৈনিক এক হাজার ৭০০ মেট্টিক টন ইউরিয়া উৎপাদন করে আসছিল। তবে কয়েক বছর ধরে গ্যাসের চাপ স্বল্পতা ও মেশিনারিজ ত্রুটির জন্য উৎপাদন হচ্ছিল এক হাজার থেকে এক হাজার ২০০ মেট্টিক টন পর্যন্ত । এছাড়া প্রতিবছর দু-একবার কর্তৃপক্ষ এ কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখে।

সর্বশেষ ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানিতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সোমবার বিকেল থেকে যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে চাহিদার তুলনায় গ্যাসের চাপ কম থাকায় সোমবার বিকেল সাড়ে তিনটা থেকে ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ করে দেয়া হয়। গ্যাসের চাহিদা ঠিক থাকলে আবারও উৎপাদনে যাওয়া হবে। সারের কোনও সংকট হবে না, আমাদের কাছে পর্যাপ্ত সার মজুদ রয়েছে। তবে কবে নাগাদ গ্যাস সংযোগ ও উৎপাদন চালু হবে তা বলতে পারেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *