জামালপুরে নির্মাণাধীন মসজিদের ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু
কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে গোড়ারকান্দায় নির্মাণাধীন একটি মসজিদের ছাদ থেকে পড়ে বাবুল মিয়া (২৮) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত বাবুলের বাড়ি সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের বৈঠামারী গ্রামে। সে ওই গ্রামের তমিজ উদ্দিনের পুত্র।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে গোড়ারকান্দায় একটি মসজিদের নির্মাণ কাজ করছিলেন রাজমিস্ত্রি বাবুলসহ একটি দল। দুপুরে হঠাৎ পা ফসকে ছাদ থেকে বাবুল নীচে পড়ে যায়। পরে সেখান থেকে তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে নান্দিনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শনিবার সন্ধ্যায় সেখানকার ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। রাজমিস্ত্রি বাবুল মিয়ার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
