বকশিগঞ্জ সীমান্ত থেকে ২১ বাংলাদেশী আটক
কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের দীঘলাকোনা পাহাড়ি এলাকা থেকে সন্দেহভাজন ২১ বাংলাদেশীকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কর্তব্যরত আনসার ভিডিপির সদস্যরা তাদের আটক করেন।
জানা যায়, দেশের চলমান পরিস্থিতিতে ডাকাতি, লুটপাট ও নাশকতা ঠেকাতে গির্জা ও মন্দির পাহাড়া দিচ্ছেন আনসার ভিডিপির সদস্যরা। এরই অংশ হিসেবে বকশিগঞ্জ সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের দিঘলাকোনা থ্রিস্টান ধর্মাবলম্বীদের সাধু আন্দ্রে ধর্মপল্লী পাহাড়া দিচ্ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন আনসার ভিডিপির সদস্যরা। ওই রাতে দীঘলাকোনা এলাকায় পাহাড় দিয়ে কিছুসংখ্যক ব্যক্তি ঘুরাঘুরি করতে দেখে তাদের সন্দেহ হয়। পরে তাদের কথাবার্তায় অসংগতি থাকায় ২১ বাংলাদেশী নাগরিককে ভারতীয় সীমান্তের কাছ থেকে তাদের আটক করা হয়।
নিরাপত্তাজনিত কারণে রাতেই স্থানীয় সাতানীপাড়া বিজিবি ক্যাম্পে তাদের রাখা হয়। আটককৃতরা বকশিগঞ্জ উপজেলার স্থানীয় একটি পীরের মাজারের ভক্ত আশেকানসহ বিভিন্ন জেলা থেকে এই সীমান্তে এসেছিলেন।
স্থানীয়রা জানান, তাদের পোশাক দেখে মনে হয়েছে তারা সকলেই পীর মুরিদের ভক্ত আশেকান। মাজার থেকে ফেরার পথে তারা ভূল করে হয়তো দিঘলাকোনা এলাকায় চলে যান।
সাতানীপাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার খন্দকার সাইফুল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা গভীর রাতে কেন সীমান্তে গিয়েছিলেন তা জানার চেষ্টা চলছে।
এ ব্যাপারে ধানুয়া কামালপুর ইউনিয়ন আনসার ভিডিপির দলনেত্রী নূরজাহান বেগম অঞ্জলী বলেন, গভীর রাতে নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি ঘুরাঘুরি করতে দেখে আমরা তাদের আটক করি এবং বিজিবির ক্যাম্পে রাখি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দেশের চলমান পরিস্থিতির মধ্যে জামালপুরের বকশিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে কারো অনুপ্রবেশ না ঘটে সেদিকে নজরদারী বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
