বকশিগঞ্জে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের বকশিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের অপকর্মের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এনএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাজাহান শাওন ও বকশিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবাইদুল ইসলাম শামীম বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন।
মিছিল শেষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীমের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন।
এ ছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লা আল মোকাদ্দেস রিপন, উপজেলা যুবদলের সভাপতি বিপ্লব সওদাগর, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লাভলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিসুর রহমান তোলন, সাধারণ সম্পাদক শহীদুল হক দুলাল, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক গাজী নয়ন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল মামুন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রিয়াদুল হক, কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক খায়রুল ইসলাম, সৌরভ, মাহমুদুল হাসান, সাধুরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মিয়া প্রমুখ। উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
অপরদিকে একই দাবিতে উপজেলা বিএনপির একটি অংশ বিক্ষোভ মিছিল করে। মিছিলটি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের এনএম উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে এক সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আব্দুল্লাআল শাফি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান তালুকদার, গোলাম রব্বানী, কলেজ ছাত্রদলের সাবেক ভিপি হাফিজুর রহমান উজ্জল প্রমুখ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা ও গুমসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিচারের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত ১৬ বছর দেশটাকে সন্ত্রাস-নৈরাজ্যের আখড়া হিসেবে তৈরি করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তারা চাঁদাবাজি থেকে শুরু করে গুম হত্যায় লিপ্ত ছিল। তবে ছাত্র জনতার প্রতিরোধ প্রতিবাদে সন্ত্রাস মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছে দেশের কোটি কোটি মানুষ।
এ ছাড়াও বক্তারা ট্রাইবুনাল গঠন করে শেখ হাসিনা ও তার মন্ত্রীদের বিচার দাবি করেন এবং অবিলম্বে খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসির কার্যকর করার দাবি জানান।
