বকশিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কাছে দাবি
কাফি পারভেজ , স্টাফ রিপোর্টার:
“দশম গ্রেড আমাদের দাবি নয়, অধিকার” এই স্লোগানকে সামনে রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা এক দাবিতে বকশিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪ টার দিকে উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দের ব্যানারে উপজেলা পরিষদ এর সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে এক দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে এসময় বক্তব্য দেন, গোয়ালগাঁও সরকার প্রাথমিক বিদ্যালের সহকারী শিক্ষক প্রনব কুমারসেন, ধারারচর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইসমাইল হোসেন, চরকাউরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আ: হালিম, সহকারী শিক্ষক বরকত আলী, ইলযা জাহান, সহকারী শিক্ষক সানজিদা আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান।
এ সময় বক্তারা আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা ঘোষণার পর ছাত্র-জনতা তীব্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে, বৈষম্যবিহীন রাষ্ট্র বিনির্মানে, বাক স্বাধীনতা ফেরার নতুন সূর্যোদয়ের মাধ্যমে আমরা পেয়েছি বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকার। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আত্মদানকারী বীরশহীদ ছাত্রদের আত্মার মাগফিরাত কামনাসহ বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
আরো বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষকরা শিক্ষার সূতিকাগারের কান্ডারি। আমরা নোবেল বিজয়ী বীরের জাতি। আমাদের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এখন রাষ্ট্র ক্ষমতায়। অন্তর্বর্তীকালীন সরকার, সাম্য গড়ার প্রত্যয়ে উন্নত, সুখী ও সমৃদ্ধ এবং সমতার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্যহীন সমতার বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী হিসেবে আমরা প্রাথমিক শিক্ষকরা সমতার স্মার্ট নাগরিক গড়ার প্রধান নিয়ামক হিসেবে কাজ করতে বদ্ধপরিকর।
বক্তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ম গ্রেডের ন্যায়সংগত দাবি বাস্তবায়নের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট দাবি জানান।
প্রাথমিক শিক্ষকদের দৃঢ় বিশ্বাস নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষকদের কখনো হতাশ করবেন না।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি পেশ করেন।
