বকশিগঞ্জে গৃহবধূর আত্মহত্যা
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সূচনা বেগম (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত সূচনা বেগম আইরমারি গ্রামের খান পাড়ার বাসিন্দা আলমাছ মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ বছর আগে আইরমারি গ্রামের খানপাড়া গ্রামের আলমাছ মিয়ার সাথে বিয়ে হয় সূচনা বেগমের। তাদের ঘরে আড়াই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। শুক্রবার রাতে পারিবারিক কলেহের জের ধরে পরিবারের লোকজনের অগোচরে নিজ বসত ঘরে গলায় শাড়ী পেঁচিয়ে ফাঁস দেয় সূচনা। তার আড়াই বছরের পুত্র সন্তানের কান্নাকাটি শব্দ শুনে তার শাশুড়ি গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাকে। পরের পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠিয়েছে।
বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সূচনা আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি নিশ্চিত করতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।
