সরিষাবাড়িতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ জন নিহত

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুর- টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত উপশহর সংলগ্ন সরিষাবাড়ি উপজেলার করগ্রাম এলাকায় ট্রাক- সিএনজির সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার দিগপাইতে এই ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, জামালপুরের নারায়ণপুর এলাকার জয়নাল আবেদীন এর ছেলে সিএনজিচালক আব্দুর রাজ্জাক (৩৮), ইপিজেড সংলগ্ন মুনসেফ আলীর ছেলে সিএনজির যাত্রী অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুন নূর জাহাঙ্গীর আলম (৬০), শহরের ফুলবাড়িয়া এলাকার মহর উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৪০), গেটপাড় এলাকার মেদু শেখের ছেলে আব্দুল করিম আলাল (৪০) এবং সরিষাবাড়ি উপজেলার নলদাইর এলাকার আমজাদ ফকিরের ছেলে এনাফ ফকির (৩৫)। গুরুত্বর আহত অবস্থায় আমজাদ হোসেন নামে এক যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয়রা জানান,টাঙ্গাইল জেলার মধুপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজির সাথে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালকসহ ৪ জন। পরে স্থানীয়রা উদ্ধার করে দুইজনকে হাসপাতালে পাঠালে সেখানে আরো একজনের মৃত্যু হয়।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি। স্পটে ৪ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। আমরা মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। দূর্ঘটনার কারনে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া জানান, মধুপুরগামী যাত্রী বোঝাই সিএনজিকে বিপরীতদিক থেকে আসা জামালপুরগামী একটি ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজি দুমড়ে-মুচড়ে গেছে। তবে ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।
