জামালপুরে আওয়ামী লীগের ছয় নেতা গ্রেপ্তার
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুরে পৃথক পৃথক স্থান থেকে গত ১২ ঘন্টায় আওয়ামী লীগের ৬ নেতা কর্মীকে জুলাই আগষ্টের ঘটনায় সম্পৃক্ত থাকা এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ও থানা পুলিশ।
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহরের হাটচন্দ্রা এলাকার আজাদুর রহমান, জামালপুর জেলা যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শহরের বন্দের বাড়ী এলাকার জুলফিকার আহমেদ জুয়েল, সদর উপজেলার মেস্টা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আরংহাটি এলাকার আক্তারুজ্জামান ও আওয়ামী লীগ কর্মী শহরের হাটচন্দ্রা এলাকার মজনু মিয়া।
জানা গেছে, কক্সবাজার থেকে ফেরার পথে জামালপুর পৌর আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক নীরু আহমেদকে দিগপাইত থেকে এবং পৌর শহরের ১১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য এবারত হোসেনকে শহরের পলাশগড় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়াও শহরের হাটচন্দ্রা মসজিদে মাগরিবের নামাজ শেষ করে বের হওয়া মাত্রই গোয়েন্দা পুলিশের সদস্যরা পৌর আওয়ামী লীগ নেতা আজাদুর রহমানকে গ্রেপ্তার করে। অন্যদের নিজেদের বাড়ি থেকে গ্রেপ্তার করা করা হয়।
শনিবার বিকাল থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ছয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক জানান, ছাত্র জনতার আন্দোলনে হামলা, অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টাসহ গ্রেপ্তার ছয় জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেলে তাদেরকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
