সরিষাবাড়ি উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
দীর্ঘ ৬ বছর পর জামালপুরের সরিষাবাড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে তৃণমূলের নেতাকর্মী অংশগ্রহন করেন।
অনুষ্ঠিত উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় পুনরায় আজিম উদ্দিন আহমেদকে সভাপতি ও ফরিদুল কবির তালুকদার শামীমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এ ঘোষণা দেন।
সম্মেলনের উদ্বোধন করেন, জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
প্রধান অতিথি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত শেখ মুজিবকে দেবতা বানানোর চেষ্টা করা হয়েছিল। তার পরিণতি সবই জানেন। মানুষকে দেবতা বানাতে যাবেন না। স্বৈরাচার শেখ হাসিনা গত ১৫ বছরে এরশাদ, হিটলার, মুসোলিনি সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত তাকেও লেজ গুটিয়ে পালাতে হয়েছে। যারা মানুষের ভোটাধিকার ধ্বংস করেছে, তাদের কোনো ভোট এ দেশে হবে না। যারা পালিয়ে গেছেন এবং ভোটে আসতে চান, তারা ইচ্ছে করলে ভারতের মাটিতে ভোট দিয়েন। আমরা সুষ্ঠু নির্বাচনের দাবি করেছিলাম, সরকার যদি তা মানতো, তবে এই পরিণতি হতো না।
হাবিব উন নবী খান সোহেল আরো বলেন, বিএনপিকে দুর্বল ভাববেন না, আমরা বহু প্রতিকূলতা মোকাবিলা করেও টিকে আছি। যারা আমাদের নিয়ে ভিন্ন চিন্তা করছেন, তারা হাত দিয়ে পাহাড় ঠেলার চেষ্টা করবেন না। জনগণ কখনো ভোট দিতে ভুল করে না। ওপারের দাদাবাবুরা আমাদের ক্ষমতায় বসাবে না। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের ভোটের অভাব হবে না।
সরিষাবাড়ি উপজেলা বিএনপি’র আহবায়ক আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।
সম্মেলনে জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, ছাত্র দল, যুব দল, মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালে সরিষাবাড়ি উপজেলা বিএনপি’র সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০২১ সালে আহবায়ক কমিটি গঠিত হয়।
দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণার আগে আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক আজিম উদ্দিন আহমেদকে সভাপতি ও ফরিদুল কবির তালুকদার শামীমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এ ঘোষণা দেন।
