ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনে জামালপুরের জামায়াত নেতৃবৃন্দ সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত

ইবি প্রতিনিধি: আনন্দঘন পরিবেশে দিনব্যাপী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ক্যাম্পাস অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
অ্যালামনাই এসোসিয়েশনে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় । সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার সাবেক জেলা আমির এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী এবং সহসভাপতি নির্বাচিত হন জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আমাদের হৃদয় ও প্রকৃতিতে যেমন বসন্ত এসেছে, ঠিক সেভাবেই আজকের এই মিলনমেলায় আমি মনে করি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা বসন্তের উৎসব আয়োজিত হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি চাকরিতে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে আছে। এই প্রতিষ্ঠান তাদেরকে যেভাবে দিয়েছে, তার থেকেও তারা অনেক বড় কিছু করছে।’
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মুহাম্মদ নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ, বাংলাদেশ হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনজারুল আলম, ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনেরসদস্য সচিব মুহাম্মদ আব্দুল হাই, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোসাইনসহ অন্যান্যরা।
