দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন মিল্লাত সভাপতি সাদা সাধারণ সম্পাদক

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় দেওয়ানগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে তৃণমূলের নেতাকর্মী অংশগ্রহন করেন।
সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনের সাবেক এমপি উপজেলা বিএনপি’র আহবায়ক এম. রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে দেওয়ানগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সজিব, সহ-দপ্তর সম্পাদক গাউছুল আজম শাহীন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সাদা, যুগ্ম আহবায় এ কে এম মুছা, শ্যামল চন্দ, মাসুদ হাবিব পলিন ও পৌর বিএনপির আহবায়ক মনজুরুল ইসলাম মনজু, সদস্য সচিব আতিকুর রহমান সাজু, বিএনপি নেতা মনির হোসেন প্রমুখ। সম্মেলনে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়ের নামে এফবিআই তদন্ত করে আটটি দামি গাড়ি পেয়েছে। যে টাকা দিয়ে রাস্তাঘাট সবকিছু করা যেত। বাংলাদেশ ব্যাংকের ভল্ট ডাকাতির মূলহোতা ছিল এই সজীব ওয়াজেদ জয়। জয়ের মামা শেখ কামাল খোলা জিপে করে ব্যাংক ডাকাতি করেছেন। তার ভাগিনা জয় ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকের ভোল্ট ডাকাতি করেছে। শেখ হাসিনার মেয়ে পুতুল গলা পর্যন্ত দুর্নীতি করেছে। শেখ হাসিনা এবং শেখ রেহানা এই দুই বোন যুক্তি করেছে একজন দেশ চালাবে আরেকজন কমিশন খাবে। শেখ রেহানার মেয়ে টিউলিপ রূপপুর পারমাণবিক প্রকল্পে মেগা দুর্নীতি করেছে। বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত পরিবারগুলোর একটি বাংলাদেশের শেখ পরিবার। এ পরিবারের প্রত্যেকেই দুর্নীতির সাথে জড়িত।
তিনি আরো বলেন, আমির হোসেন আমু টাকার জাজিম ছাড়া ঘুমাতে পারতেন না। টাকার গন্ধ নাকে না শুঁকলে তার ঘুম আসত না। শেখ হাসিনার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয় কিভাবে ? এর জন্য একদিনও জেল খাটেনি। অথচ দুই কোটি টাকার মিথ্যা মামলায় আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর জেল খাটিয়েছেন।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল আরো বলেন, যে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সেই আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তাদের ভোটের অংশগ্রহণের অধিকার নেই। তারা এক কোটি তরুণকে ভোট দিতে বাধা দিয়েছে।
দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণার আগে আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে ছিলেন সাবেক এমপি উপজেলা বিএনপি’র আহবায়ক এম. রশিদুজ্জামান মিল্লাত । অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন প্রার্থী। তারা হলেন- একেএম মুছা, আব্দুর রশিদ সাদা ও লাভলু ।
পরে উপজেলা বিএনপির সভাপতি পদে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এবং কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদ সাদা নির্বাচিত হন।
অপরদিকে দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সভাপতি পদে মনজুরুল হক মনজু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এবং কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে আতিকুর রহমান সাজু নির্বাচিত হন।
