জামালপুরে নাশকতার দুটি মামলায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ৬ দিনের রিমান্ডে
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলাসহ নাশকতার দুটি মামলায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আনিছুজ্জামান জানান, মঙ্গলবার বিকালে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে আদালতে হাজির করা হলে জামালপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
আবুল কালাম আজাদ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক এবং জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য ছিলেন।
রাষ্ট্রপক্ষের (পিপি) এডভোকেট আনিছুজ্জামান আরো জানান, ২০২২ সালের ১৩ ডিসেম্বর বিএনপির সমাবেশে হামলা ও চলতি বছরের ৩ অগাস্ট ছাত্র আন্দোলনে হামলার পরিকল্পনাকারী হিসেবে নাশকতার দুটি মামলায় আবুল কালাম আজাদকে আসামি করা হয়।
তদন্তকারী কর্মকর্তার রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত প্রত্যেক মামলায় তিনদিন করে মোট ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
গত বছরের ৪ ডিসেম্বর এই দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আবুল কালাম আজাদকে।
