আলোচিতউপজেলার সংবাদসরিষাবাড়ি

যমুনা সার কারখানা চালুর ৪ দিন পর আবারও বন্ধ

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত দেশের বৃহৎ ইউরিয়া যমুনা সার কারখানায় দীর্ঘ ১৩ মাস ২৩ দিন বন্ধ থাকার পর ইউরিয়া উৎপাদনের কার্যক্রম শুরু হয়ে চারদিন চলেই আবারও বন্ধ হয়ে গেছে।
বুধবার সন্ধ্যার দিকে অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয় বলে জানান যমুনা সার কারখানার জিএম (প্রশাসন) দেলোয়ার হোসেন ।

কারখানার সূত্রে জানা যায়, ১৯৯১ সালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে প্রতিষ্ঠিত হয় যমুনা সার কারখানা। বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানসম্পন্ন যমুনা সার কারখানাটি প্রতিষ্ঠার শুরু থেকে দৈনিক ১ হাজার ৭০০ টন ইউরিয়া উৎপাদন করে আসছিল। কারখানার নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২-৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন। গ্যাসের চাপ স্বল্পতা ও বিভিন্ন ত্রুটির কারণে উৎপাদন কমে বর্তমানে ১ হাজার ২০০ টন ইউরিয়া উৎপাদন হয়।

একপর্যায়ে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানিতে সার উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেয় বিসিআইসি। সে জন্য পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে যমুনা সার কারখানায় গত ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন আন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এরপর থেকেই যমুনায় ইউরিয়া উৎপাদন বন্ধ থাকে।

এদিকে বৃহস্পতিবার থেকে গ্যাসের চাপ পুনরায় বৃদ্ধি করে তিতাস গ্যাস। এতে ইউরিয়া উৎপাদনের কার্যক্রম শুরু করা হয়। দীর্ঘ ১৩ মাস ২৩ দিন কারখানার উৎপাদন বন্ধ থাকার পর ২৩ ফেব্রুয়ারি বিকেলে গ্যাস সংকটের দায় দিয়ে ৬০ ভাগ হারে উৎপাদন শুরু হলেও ৪ দিন যেতে না যেতেই যান্ত্রিক ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ হয়। তবে যন্ত্রাংশের কিছুটা মেরামত করে অ্যামোনিয়া ও ইউরিয়া পুরোপুরি উৎপাদনে যেতে আরও ৫-৭ দিন সময় লাগবে বলে জানা গেছে।

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সালেহ্ মুহাঃ মোসলেহ উদ্দীন জানান, এ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় কারখানার উৎপাদন বন্ধ করা হয়েছে। তিনি আরো বলেন, বুধবার সন্ধ্যা ৭ ঘটিকার দিকে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আমরা কারখানার উৎপাদন বন্ধ করে দিই। দ্রুত মেরামত কাজ চলছে। কাজ শেষ হলেই যে কোন সময় আমরা ফের উৎপাদনে যেতে সক্ষম হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *