আলোচিতউপজেলার সংবাদবকশীগঞ্জ

বকশিগঞ্জে নাদিম হত্যা মামলার প্রধান আসামী বাবুর গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

বকশিগঞ্জ প্রতিনিধি:

জামালপুর জেলার বকশিগঞ্জে কর্মরত বাংলা নিউজ টয়েন্টিফোর ডটকম, একাত্তর টিভির ও মানবজমিন পত্রিকার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান ও সাধুর পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সন্ত্রাসীদের গডফাদার, নারী লোভী,ভূমিদস্যু, নাশকতা মামলার আসামি মাহমুদুল আলম বাবুর কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এর আগে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় বাবুর চাঁদাবাজি, সালিশি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য ও অন্যায়-অত্যাচারের জন্য অতিষ্ঠ থাকত পুরো ইউনিয়ন।
৫ আগস্টের পর তার বিরুদ্ধে দুইটি নাশকতার মামলা হলেও তাকে গ্রেপ্তার করছে না পুলিশ। উল্টো এখনো মানুষকে নানাভাবে হয়রানি করছে বাবু।

বাবুকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করার দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, খুনি বাবু চেয়ারম্যান আবার ইউনিয়ন পরিষদে আসার কথা শুনে এলাকাবাসী মানববন্ধন করেন। একজন গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যা করা হলো তবুও এখনো বিচার পেলাম না। এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত যেন কোনোভাবেই তিনি দায়িত্বে না আসতে পারে সেই দাবি করছি।

সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত বলেন, বাবু চেয়ারম্যান আওয়ামী লীগের দোসর হওয়াসহ আমার বাবার হত্যাকারী হয়ে কীভাবে চেয়ারম্যান পদ ফিরে পায়। আগামী তিনদিনের মধ্যে তাকে গ্রেপ্তার করা না হলে এলাকাবাসীর সঙ্গে আরও বড় আন্দোলনে যাবো আমরা।

উল্লেখ্য ২০২৩ সালের ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাবু চেয়ারম্যানের নেতৃত্বে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এরপর ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *