মাদারগঞ্জের মিনহাজ প্রবাসে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুর জেলার মাদারগঞ্জের কড়ইচড়া ইউনিয়নের চরগুজামানিকা এলাকার মো. মিনহাজ আলী সৌদি আরবে গিয়ে ২৬ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মিনহাজ আলী উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের চরগুজামানিকা এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
মিনহাজের ভগ্নিপতি এস এইচ তপন বলেন, বেকারত্ব দূর ও পরিবারের সচ্ছলতা আনতে ২৬ দিন আগে সৌদি আরব পাড়ি জামান মিনহাজ। সেখানে গিয়ে তিনি আবহা শহরে সড়ক পরিছন্নতাকর্মীর কাজ শুরু করেন। প্রতিদিনের ন্যায় বুধবার সৌদি আরব সময় সকাল সাড়ে ৭টার দিকে মিনহাজকে তাদের কোম্পানির গাড়ি তাকে কাজের স্থানে পৌঁছে দেয়। এ সময় সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। বর্তমানে তার লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চু বলেন, মিনহাজ আমার পাশের গ্রামের বাসিন্দা। কিছুদিন আগে সৌদি আরব যায় সে। মিনহাজের মরদেহ দেশে আনতে যদি আমাদের সহযোগিতার প্রয়োজন হয় তাহলে করা হবে। এদিকে মিনহাজ এর অকাল মৃত্যুতে শোকাহত তার পরিবার ও স্বজনরা।
