আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে ছেলের দায়ের কুপে মায়ের মৃত্যু ঘটনায় মামলার আসামি ছেলে গ্রেপ্তার

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুর পৌরসভার হাটচন্দ্রা এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছেলে মঞ্জুরুল ইসলাম মনজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, গত ১৫ এপ্রিল সকালে জামালপুর পৌরসভার হাটচন্দ্রা এলাকায় নিজ বাড়িতে গাছ কাটাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে মা মঞ্জিলা বেগম জিরাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে মঞ্জুরুল ইসলাম মনজু। এ সময় গাছ ব্যবসায়ী ফরিদ মন্ডলকেও দা দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

এ ঘটনার পরদিন নিহতের ছোট ছেলে জীবন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার ঘটনার পর জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-এর নির্দেশে পলাতক আসামিকে গ্রেপ্তারে জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালায় পুলিশ।

বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার নাওভাঙ্গাচর এলাকায় অভিযান চালিয়ে মনজুকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য যে, মনজুরুল ইসলাম মনজু (৩৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য পারিবারিক কলহ ছিল তাদের প্রতিদিনের ঘটনা। বাড়িতে একটি মেহগনি গাছ ১৬হাজার টাকা বিক্রি করে ৯ হাজার টাকা বায়না নেয় তার মা। ওইদিন সকালে গাছ ক্রেতা শেখ ফরিদ অবশিষ্ট টাকা নিয়ে গাছটি কাটতে গেলে মাদকাসক্ত ছেলে মনজু তার মা এর কাছে টাকা দাবি করে। টাকা না পেয়ে ছেলে মনজু ক্ষিপ্ত হয়ে তার মা মনজিলা বেগম জিরাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ সময় গাছ ক্রেতা ইদ্রিস আলীর ছেলে শেখ ফরিদ মন্ডল থামাতে গেলে তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

জামালপুর সদর থানার ওসি ফয়সাল মো. আতিক বলেন, হত্যা মামলার প্রধান আসামি মঞ্জুরুল ইসলাম মনজুর বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *