আলোচিতউপজেলার সংবাদজামালপুরশিক্ষাসদর

জামালপুরের প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুর পৌর এলাকার দড়িপাড়ায় প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে ১৭ শিক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। এর সত্যতা পেয়ে শুক্রবার দুপুরে কলেজের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এদিকে, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ কারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা।

(২৬ জুন) জামালপুরে প্রবেশপত্র না পেয়ে ১৭ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ না নিতে পারায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। শুক্রবার ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার ডা. কমাল হাসান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবু সায়েম মোহাম্মদ হাসান, উপকলেজ পরিদর্শক এম এম এ জামিল সরকার, জামালপুরের জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহারিয়ার আহমেদ খান, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোজাম্মেল হাসান প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে গাফিলতির বিষয়ে তদন্ত করেন।

তদন্ত শেষে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার ড. কামাল হাসান বলেন, প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অনুমোদন থাকলেও দীর্ঘদিন ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে পাঠদান করে আসছিল প্রতিষ্ঠানটি। তাই আজ থেকে প্রতিষ্ঠানটির প্রাথমিক ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ১৭ শিক্ষার্থীর পরীক্ষার বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

এদিকে শুক্রবার বিকেলে প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা কলেজে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম বলেন, কলেজ কর্তৃপক্ষ নয় শিক্ষার্থীদের গাফিলতি ছিল তাই তারা রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র পায়নি। প্রতিষ্ঠানের ভাবমুর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশে পরীক্ষা না দিতে পারার বিষয়টি প্রচার করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *