উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে বিএনপিতে কৃষকলীগের ২ নেতার যোগদান প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগ নেতা আবুল হোসেন ওরফে ভিক্কু ও মোশারফ হোসেন এর বিএনপিতে যোগদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, বুধবার রাতে বালিজুড়ী এফ এম হাই স্কুল মোড়ে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি অ্যাড. মঞ্জুর কাদের খান বাবুল ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকুর কাছে যোগদান করেন শহরের ৫ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আবুল হোসেন ওরফে ভিক্কু ও পৌর কৃষকলীগের সদস্য মোশারফ হোসেন।

যোগদানের ঘটনায় মাদারগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষুদ্ধ নেতারা এর প্রতিবাদে বালিজুড়ী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বালিজুড়ী বাজার হয়ে শহরের ঠাকুরবাড়ী মোড় পর্যন্ত প্রদক্ষিণ করেন। দ্রুত কৃষকলীগের সভাপতি আবুল হোসেন ও পৌর কৃষকলীগের সদস্য মোশারফ হোসেনকে গ্রেপ্তারের দাবী জানান বিক্ষুদ্ধ নেতা কর্মীরা।

তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির পক্ষ থেকে অনুপ্রবেশ ঠেকাতে দলীয়ভাবে কঠোর অবস্থান নিলেও মাদারগঞ্জে সুযোগ সন্ধানী কিছু বিএনপি নেতারা আওয়ামী লীগ নেতাদের অর্থ লেনদেনের মাধ্যমে বিএনপিতে পুনর্বাসন করার চেষ্টা করে যাচ্ছে। ২০১৮ সাল থেকে আবুল হোসেন ও মোশারফ হোসেন কৃষকলীগের পদ বাগিয়ে নেওয়ার পর থেকেই বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন ও রাতের আধারে নেতাকর্মীদের বাড়িতে পুলিশ পাঠিয়ে গ্রেপ্তার করাতো। ওই ব্যক্তিদের বিএনপিতে যোগদান তারা কখনো মেনে নিবে না।

বিএনপিতে যোগদেয়া কৃষকলীগের সভাপতি আবুল হোসেন ওরফে ভিক্কু জানান, আগে বিএনপি করতাম। পরে বনিক সমিতিতে থাকার কারণে আওয়ামী লীগে যোগদান করলে কৃষকলীগের পদ দিয়েছিল। আমি কখনো কার্যক্রম অংশ গ্রহণ করি নাই। একবার বিএনপি আরেকবার আওয়ামী লীগ আবার বিএনপিতে সুবিধা আদায়ের জন্য এভাবে খেলা খেলছেন বলে প্রশ্ন করা হলে তিনি এডিয়ে গিয়ে জানান, আমি সাংবাদিকদের জানিয়ে দিয়েছি কোন কারণে যোগদান করেছি।

চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার জানান, সারাদেশে যোগদান বন্ধ। অপারেশন ডেভিল হান্ট চলতাছে সেখান থেকে বাঁচার জন্য টাকার বিনিময়ে তাদের বিএনপিতে যোগদান করানো হয়েছে ।

এদিকে মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান জানান, ১৭ বছর যাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলাম আজকে তারাই বিভিন্ন কৌশলে বিএনপিতে প্রবেশ করছে। এই দোসরদের দলে দেখার জন্য আমরা আন্দোলন করি নাই। এটা মেনে নেওয়া যায় না।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মঞ্জুর কাদের খান বাবুল জানান, ১৯৮৬ সাল থেকে তারা বিএনপি করতো। ২০১৮ সালে বিভিন্ন চাপের কারণে তারা আওয়ামী লীগে যোগদান করেন। বুধবার তারা আবার বিএনপিতে যোগদান করেছে। টাকার বিনিময়ে এদের বিএনপিতে যোগদান করানো হয়েছে বলে প্রশ্ন করা হলে তিনি আরো জানান, ওয়ার্ড পর্যায়ে এরা টাকার বিনিময়ে যোগদান এটা কেউ বিশ্বাস করবে না।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন জানান, অসন্তোষ হওয়াটা স্বাভাবিক। কারণ দলের নিষেধ আছে। যাদের বিরুদ্ধে এতো বছর নেতাকর্মীরা সংগ্রাম করেছে তাদের আবার পুর্বাসন করলে নেতাকর্মীরা মেনে নিবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *