‘কে ভোট দিয়েছে, কে দেয়নি সেটা বিবেচ্য নয়, সবাই আমার লোক –এমপি মোস্তাফিজুর রহমান

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ জামালপুর-০৩(মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, “আমাকে কে ভোট দিয়েছে, কে দেয়নি সেটা আমার বিবেচ্য নয়। যারা ভোট দিয়েছেন তারা আমার, যারা দেননি তারাও আমার। সবাইকে নিয়ে, দলমত নির্বিশেষে অন্যায়-দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক মেলান্দহ-মাদারগঞ্জ গড়ে তুলতে চাই।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় মেলান্দহ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত এমপির সঙ্গে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মেলান্দহ সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মুন্জু, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক, বাসদ নেতা আলমগীর আহমেদ শাহজাহান এবং উপজেলা বিএনপি নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন গনঅধিকার পরিষদ,সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
এছাড়াও জুলাই শহীদ পরিবারের সদস্য, ছাত্র সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় মানুষ বক্তব্য রাখেন। সভায় অংশগ্রহণকারীরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় তুলে ধরেন। এর আগে মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজিত দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরাসহ বিভিন্নসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পর উপজেলা পরিষদের হলরুমে সভার শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট উপহার প্রদান করে উপজেলা প্রশাসন। পরে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে এমপি মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, তিনি সকলকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চান। তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক মেলান্দহ-মাদারগঞ্জ গড়াই তার অঙ্গীকার।
সভায় উপস্থিত অতিথিরা এমপির এই বক্তব্যকে ইতিবাচক এবং মানবিক মনে করেছেন। তারা আশা প্রকাশ করেন, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সমন্বিত উদ্যোগে মেলান্দহ-মাদারগঞ্জের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে হবে।
আলোচনা শেষে দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরিশেষে উপস্থিত অতিথিদের জন্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান সঞালনায় ছিলেন মেলান্দহ উপজেলা একাডেমিক সুপারভাইজার আশারাফুল আলম।
