আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনের মৃত্যুদন্ড

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার: জামালপুরে স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। একই মামলায় অপর এক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদন্ড করা হয়।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলেন, জামালপুর সদর উপজেলার পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন।

অপরদিকে, একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলামকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক জানান, গৃহবধুর স্বামী একজন ব্রয়লার মুরগী ব্যবসায়ী। ২০২৩ সালের ১৯ জুলাই স্বামীর ব্যবসায়িক প্রয়োজনে সেলিম নামে এক ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন তারা। কাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পাকুল্যা এলাকায় স্বামীর সাথে বাড়ির দিকে ফিরছিলেন। এমন সময় আসামীরা তাদের দেখে বিভিন্ন রকম কথা বলে এবং খারাপ কিছু সন্দেহ করে। নিজেদের স্বামী ও স্ত্রী পরিচয় দেয়ার পরও আসামীরা তাদের বিশ্বাস করেনি। পরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে আসামিরা।
ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।

মামলাটিতে চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন। আদালত তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদন্ড দেন এবং অপর এক আসামিকে খালাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *