উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

নকল স্বর্ণের ফাঁদে প্রতারণা, মেলান্দহে চক্রের ৪ সদস্য গ্রেফতার

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলায় নকল স্বর্ণের বিস্কুট দিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে মেলান্দহ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত নকল স্বর্ণের বিস্কুট ও স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মেলান্দহ থানায় মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে এ চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ দুলাল শেখ (৩৭), আব্দুল হালিম (৩৫), মোঃ সুজন শেখ (৪৫) ও মোঃ রাশেদ (৪০)। তারা সবাই জামালপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণের কানের দুল এবং একটি নকল সোনালী রঙের স্বর্ণের বিস্কুট, যা ব্যবহার করে তারা সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলত।

ঘটনার বিবরণে জানা যায়, চক্রটি অভিনব কৌশলে নকল স্বর্ণের বিস্কুট দেখিয়ে স্বল্পমূল্যে বিক্রির প্রলোভন দিত। এতে প্রলুব্ধ হয়ে কেউ আগ্রহ দেখালে কৌশলে তার কাছ থেকে আসল স্বর্ণালংকার হাতিয়ে নিত তারা। সর্বশেষ এক নারী ভুক্তভোগীর কাছ থেকে একই কৌশলে কানের দুল নিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ অভিযান শুরু করে।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান রহমানের সার্বিক দিক নির্দেশনায় ও তার নেতৃত্বে এসআই রেজাউল করিম, এসআই তারিকুল হাসান হিমন, পিএসআই অনিক তালুকদার, এএসআই আব্দুল আউয়ালসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে, যার মধ্যে প্রতারণা, চুরি, মাদক ও সহিংসতার অভিযোগ অন্তর্ভুক্ত।

এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *