মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

মোঃ মানিক ইসলাম, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলমান জমিজমা সংক্রান্ত বিরোধের অবসান ঘটিয়ে আদালতের রায় বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, খোরশেদ গং ও মুরাদুজ্জামান গং-এর মধ্যে ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিলো
। মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত মুরাদুজ্জামান গং-এর পক্ষে রায় প্রদান করেন। তবে অভিযোগ রয়েছে, আদালতের রায় উপেক্ষা করে খোরশেদ গং জোরপূর্বক ওই জমিতে বসবাস অব্যাহত রাখেন।
আজ ২৯ এপ্রিল বুধবার উপজেলা প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খোরশেদ গং-এর বসতভিটা উচ্ছেদ করে জমিটি মুরাদুজ্জামান গং-এর কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এসময় প্রশাসনের কর্মকর্তারা জানান, আদালতের রায় বাস্তবায়নে তারা বদ্ধপরিকর এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এমন ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের মতে, এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে দীর্ঘদিনের বিরোধের অবসান হয়েছে এবং এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
